নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৯ আগস্ট) নীলফামারী সদর উপজেলার দারোয়ানী এলাকার টেক্সটাইল বাজারে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রির দায়ে মেসার্স রহমত স্টোর ও মেসার্স হাসান স্টোরকে ৫০০ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় আনুমানিক ১৪ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্-আল-মামুন।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে দোকানদারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে নীলফামারী পুলিশ বিভাগের একটি চৌকস দল সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









