বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডেনের অভিজ্ঞ কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন ধরে সুইডেন বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। সুইডেনের এককক্ষবিশিষ্ট সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের সংসদীয় কাঠামোর বিভিন্ন ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্পিকার বলেন, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা সম্ভব হলে দুই দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও সম্প্রসারণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দেশের সংসদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে মৈত্রী গ্রুপ ও ককাস গঠনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের জনগণের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এ দেশের মানুষ গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিতেও পিছপা হয়নি। তাঁর বক্তব্য অনুযায়ী, গত ১৭ বছরের শাসনামলে মানুষের মৌলিক ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ সেই শাসনের অবসান ঘটিয়েছে।
ভবিষ্যৎ সংসদীয় গণতন্ত্র প্রসঙ্গে স্পিকার বলেন, জনগণ যাতে নিজেদের পছন্দের দল ও প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ সংসদীয় গণতন্ত্রকে কার্যকর রাখে বলে তিনি উল্লেখ করেন।
সুইডেনের সংসদীয় ব্যবস্থা সম্পর্কে রাষ্ট্রদূত নিকোলাস উইকস জানান, দেশটির পার্লামেন্টে মোট ৩৪৯টি আসন রয়েছে। সংসদ সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে চার বছরের জন্য নির্বাচিত হন। সুইডেন সাংবিধানিক রাজতন্ত্র হলেও দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা পার্লামেন্ট এবং নির্বাচিত সরকারের হাতে ন্যস্ত থাকে বলে জানান তিনি।
বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্কের পাশাপাশি বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা, ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
বঙ্গোপসাগরের সম্পদ আহরণে বিনিয়োগের আহ্বান
সাক্ষাতে স্পিকার চলমান সংবিধান সংস্কার কমিটির বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে সুইডিশ রাষ্ট্রদূতকে অবহিত করেন। পাশাপাশি বঙ্গোপসাগরের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাকা তেল ও গ্যাসের মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ উত্তোলনে সুইডেনের অভিজ্ঞ ও শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে এগিয়ে আসার এবং বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।
সৌজন্য সাক্ষাতে সুইডিশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









