সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অসুস্থ হয়ে মো. জসিম উদ্দিন নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে ট্রেনের একটি বগিতে এ ঘটনা ঘটে।
নিজস্ব সূত্রে জানা যায়, ট্রেনে যাত্রার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জসিম উদ্দিন। এ সময় সহযাত্রীরা তাকে সহযোগিতা ও সেবা-শুশ্রূষা করেন। একপর্যায়ে তার মৃত্যু হয়।
সহযাত্রীদের তথ্য অনুযায়ী, তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে গিয়েছিলেন। তার সঙ্গে থাকা ব্যাগে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া গেছে।
ঘটনার পর রেলওয়ে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পরে কমলাপুর রেলওয়ে থানার কর্মকর্তারা মরদেহটি নিয়ে যান। বর্তমানে মরদেহটি কমলাপুরে রয়েছে বলে জানা গেছে।
নিহত মো. জসিম উদ্দিনের পিতা মৃত মুসলিম উল্লাহ ও মাতা মৃত পাখি বেগম। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মহলাল, রফিনগর গ্রামে বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









