সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও প্রকৃত তথ্য পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে মিথ্যা ও অপতথ্য প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী এবং গণমাধ্যমের স্বাধীনতাকে উৎসাহিত করে। সাংবাদিকরা যেন সবসময় বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য তুলে ধরেন, কোনোভাবেই যেন মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যকে প্রশ্রয় না দেন—এটাই সরকারের প্রত্যাশা।
শুক্রবার সকালে বগুড়ায় আয়োজিত নওগাঁ জেলার সাংবাদিকদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার ভার্চ্যুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম’ (গাক) এ কর্মশালার আয়োজন করে।
সাংবাদিকদের উদ্দেশে আতিকুর রহমান রুমন বলেন, সরকারের যেকোনো কাজের প্রক্রিয়ায় কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতেই পারে। এসব ত্রুটি তুলে ধরে গঠনমূলক সমালোচনা করার পূর্ণ অধিকার সাংবাদিকদের রয়েছে। তবে গঠনমূলক আলোচনা না করে কোনো কোনো ক্ষেত্রে পুরো বিষয়টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। এতে সরকারের ভালো উদ্যোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হতে পারে।
তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েকটি সংবাদমাধ্যম বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা প্রতিবেদন প্রকাশ এবং দলটিকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছিল। কিন্তু বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলেই এসবের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়নি।
গাক-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং ক্যাপস্টোন ফেলো (এনডিসি) ড. খন্দকার আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শফি মাহমুদ।
দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় নওগাঁ জেলার ৩০ জন নির্বাচিত সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে মূল নিবন্ধ উপস্থাপন ও দিকনির্দেশনা দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মো. মোজাম্মেল হোসেন বকুল, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের হেড অব নিউজ মিডিয়া আরিফুল ইসলাম আরমানসহ দেশের কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাক-এর সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম, উপপরিচালক মো. আরমান হোসেন, ট্রেনিং কো-অর্ডিনেটর মো. কবির উদ্দীন এবং সহকারী পরিচালক মো. জিয়া উদ্দিন সরদার।
শনিবার সনদ বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









