শরিফুল ইসলামের জোড়া আঘাতে শুরুতে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। পরে স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের ৭৭ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত সেই জুটি ভেঙে আবারও বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন শরিফুল।
বাংলাদেশকে মাত্র ৬৪ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই তিন উইকেট হারায় ৪১ রানে। ম্যাট রেনশকে তাসকিন আহমেদ এবং ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম।
এরপর চতুর্থ উইকেটে দারুণ প্রতিরোধ গড়েন স্মিথ ও গ্রিন। তাদের ৭৭ রানের জুটিতে অস্ট্রেলিয়া শুধু বিপদই কাটিয়ে ওঠেনি, বাংলাদেশের বিপক্ষে লিডও পঞ্চাশ ছাড়িয়ে যায়।
দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়ে সেই জুটি ভাঙেন শরিফুল। স্মিথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। আম্পায়ার প্রথমে বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত দিলে রিভিউ নেন স্মিথ। তবে রিভিউতে আম্পায়ার্স কল থাকায় সিদ্ধান্ত বহাল থাকে।
৬ চারসহ ৭৪ বলে ৪২ রান করে সাজঘরে ফেরেন স্মিথ। তার বিদায়ে ১১৮ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এর আগে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল। এরপর বল হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি পেসার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









