দীর্ঘ ৮ বছর একসঙ্গে থাকার পর দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে বিয়ে করলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। দুই সন্তানের জন্মের পর অবশেষে আইনি বিয়ের মাধ্যমে সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন এই জুটি।
তবে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, ভারতের গোয়ায় সাদামাটা পোশাকে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার অফিসে তাদের বিয়ে নিবন্ধিত হয়। স্থানীয় গোয়া সিভিল কোডের অধীনে এই বিয়ে সম্পন্ন করা হয়েছে।
নিয়ম অনুযায়ী বিয়ের প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের বাধ্যবাধকতা রয়েছে। তবে বিশেষ অনুমতি নিয়ে দ্রুত বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করেন তারা। সাব-রেজিস্ট্রার সূর্যে বর্ণেকর জানান, কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে বিকেল ৪টার দিকে সাদামাটা পোশাকে অফিসে এসে বিয়ে নিবন্ধন করেন অর্জুন ও গ্যাব্রিয়েলা।
২০১৮ সালে অর্জুন ও গ্যাব্রিয়েলার প্রেমের সম্পর্ক শুরু হয়। পরের বছর তাদের প্রথম সন্তান অরিকের জন্ম হয়। ২০২৩ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান অরিভ। আইনি বিয়ে না করেও এতদিন তারা পরিবার হিসেবে একসঙ্গে ছিলেন। ২০২৫ সালে আংটি বদলের পর ২০২৬ সালে এসে আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তারা।
কেন এতদিন বিয়ে করেননি?
দীর্ঘদিন বিয়ে না করা প্রসঙ্গে এর আগে অর্জুন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিয়ে আসলে কী? দিনশেষে এটি কেবল একটি কাগজের টুকরো।’
অভিনেতার মতে, বিয়ের আনুষ্ঠানিকতা অনেক সময় সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট করতে পারে। তাই তিনি সম্পর্ককে নিজেদের মতো করে এগিয়ে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ককেই আইনি স্বীকৃতি দিলেন তিনি।
উল্লেখ্য, এটি অর্জুন রামপালের দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৮ সালে সাবেক মিস ইন্ডিয়া মেহের জেসিয়াকে বিয়ে করেছিলেন তিনি। ২১ বছরের দাম্পত্যের পর ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে অর্জুনের দুই কন্যাসন্তান মাহিকা ও মায়রা রয়েছে।
বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন অর্জুন। গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের পরও সন্তানদের জীবনে বাবার দায়িত্ব পালন করে গেছেন এই অভিনেতা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









