আন্তর্জাতিক মুক্তির সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে হলিউডের দুই সিনেমা। ভৌতিক রোমাঞ্চধর্মী ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’ এবং শিশুতোষ অ্যানিমেশন ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’ শুক্রবার থেকে দেশের প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে।
স্টার সিনেপ্লেক্সের সব শাখায় সিনেমা দুটি প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’
‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’। সিনেমাটি পরিচালনা করেছেন জ্যাকব চেজ। এতে অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ, ব্র্যান্ডন পেরিয়া, মেইজি রিচার্ডসন-সেলার্স ও লিন শে।
গল্পে জেমা নামের এক তরুণী মা মেয়েকে নিয়ে শৈশবের বাড়িতে ফিরে এসে নিজের অস্বাভাবিক এক ক্ষমতার কথা জানতে পারে। সে ‘দ্য ফারদার’ নামের হারানো আত্মাদের জগতে প্রবেশ করতে পারে। তবে তার ক্ষমতা শুধু সেখানে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়—সে সেই জগতের অশুভ শক্তিকে বাস্তব দুনিয়াতেও নিয়ে আসতে পারে।
এতে জেমা ও তার পরিবার ভয়াবহ বিপদের মুখে পড়ে। একপর্যায়ে বাস্তব জগৎ ও আত্মার জগতের মধ্যকার সীমারেখাও ভেঙে যেতে শুরু করে।
‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’
একই দিনে মুক্তি পেয়েছে শিশু ও পরিবারের বিনোদনের জন্য নির্মিত অ্যানিমেশন সিনেমা ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’। এটি ‘পাও পেট্রোল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। পরিচালনা করেছেন ক্যাল ব্রুঙ্কার।
সিনেমার গল্পে পাও পেট্রোল দলটি রহস্যময় এক ঝড়ের কবলে পড়ে ডাইনোসর অধ্যুষিত একটি অজানা দ্বীপে পৌঁছে যায়। সেখানে রয়েছে ডাইনোসর, সুপ্ত আগ্নেয়গিরি এবং নানা ধরনের বিপজ্জনক পরিস্থিতি।
দ্বীপে তাদের পরিচয় হয় জবি নামের একটি নতুন কুকুরের সঙ্গে। দীর্ঘদিন দ্বীপে আটকে থাকা জবি ডাইনোসরদের সম্পর্কে অনেক কিছু জানে। পুরোনো শত্রু মেয়র হামডিঙ্গারের হাত থেকে দ্বীপের খনিজ সম্পদ ও বিপন্ন ডাইনোসরদের রক্ষা করতে জবি ও পাও পেট্রোল দল একসঙ্গে কাজ করে।
সিনেমাটিতে কণ্ঠ দিয়েছেন কার্টার ইয়ং, ম্যাকেনা গ্রেস, টেরি ক্রুস, জেনিফার হাডসন, প্যারিস হিলটন ও স্নুপ ডগ। পাশাপাশি এতে ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের নতুন গানও রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









