হাওর অঞ্চলের মানুষের জীবন ও অপেক্ষার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘জলপবন’। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রুনা খান।
সিনেমাটি নির্মাণ করছেন রাজন তালুকদার। সুনামগঞ্জের হাওর এলাকায় ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে এর শুটিং। চলতি মাসজুড়েই সেখানে সিনেমাটির দৃশ্যধারণ চলবে বলে জানা গেছে।
‘জলপবন’ সিনেমায় রুনা খানকে দেখা যাবে ‘নিরালা’ চরিত্রে। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, সিনেমাটি মূলত অপেক্ষার গল্প। এতে হাওর এলাকার মানুষের জীবনের নানা দিক উঠে আসবে। চরিত্রটি পছন্দ হয়েছে বলেই তিনি সিনেমাটিতে যুক্ত হয়েছেন বলেও জানান।
‘জলপবন’ একটি স্বাধীন চলচ্চিত্র। নির্মাতা রাজন তালুকদার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন। এটি তার প্রথম সিনেমা। অভিনয়শিল্পী ও কলাকুশলীদের অনেকেরও এটি প্রথম চলচ্চিত্র।
নতুনদের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে রুনা খান জানান, পরিচিত শিল্পী তেমন না থাকলেও সিনেমাটির সঙ্গে যুক্ত সবাই ভালো করার যোগ্যতা রাখেন।
সিনেমাটিতে রুনা খানের পাশাপাশি প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। সুশান্ত প্রাচ্যনাট থিয়েটারের সদস্য। অন্যদিকে সামিউল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করেছেন। স্থানীয় কয়েকজন অভিনয়শিল্পীও সিনেমাটিতে যুক্ত হয়েছেন।
এদিকে রুনা খান অভিনীত আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’ শিগগির সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া মাসুদ পথিকের ‘বক’ ও কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমাও মুক্তির অপেক্ষায়। ফলে নতুন সিনেমার শুটিং ও মুক্তির অপেক্ষায় থাকা একাধিক চলচ্চিত্র নিয়ে বড়পর্দায় ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









