শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা নিয়ে নাটোরের গুরুদাসপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড ফোন ও মোটরসাইকেল ব্যবহারের পাশাপাশি বাল্যবিয়ে থেকে বিরত রাখতে অভিভাবকদের সচেতন ও নিয়মিত কাউন্সেলিং করার আহ্বান জানানো হয়।
শনিবার (২২ আগস্ট) সকালে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন নাটোরের জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী ও গুরুদাসপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার। সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। সভা সঞ্চালনা করেন শহীদা কাশেম গার্লস স্কুলের প্রধান শিক্ষক নিগার সুলতানা রেখা।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষার পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের শৃঙ্খলা এবং প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি আলহাজ মো. আব্দুল আজিজ বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর করতে শুধু বিদ্যালয়ে পাঠদান যথেষ্ট নয়; অভিভাবকদেরও সন্তানের প্রতি দায়িত্বশীল হতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের পাঠদানে কিছুটা ঘাটতি রয়েছে। আগামীতে এসব ঘাটতি দূর করে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষাদানে মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “বিশেষ করে মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে এন্ড্রয়েড ফোন, মোটরসাইকেল ও বাল্যবিয়ে থেকে মুক্ত রাখতে অভিভাবকদের সাথে নিয়মিত কাউন্সেলিং করতে হবে শিক্ষকদের।”
সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









