সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পর একের পর এক অভিযানে মিলছে চোরাচালানের পণ্য। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে পৃথক অভিযান চালিয়ে একদিনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
শনিবার (২২ আগস্ট) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালায়।
অভিযানে ভারতীয় অবৈধ রেডবুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, ফুসকা, বাসমতি চাল, বাজি, গরু, স্যুটের কাপড়, থ্রি-পিস, মদ, বিয়ার, গাঁজা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করে।
জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ২৫ লাখ ৪২ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









