ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তাঁর চাচাতো ভাই ও ভাতিজার কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে বচসার জেরে তারা ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তবিবার হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনার পরপরই অভিযুক্ত চাচাতো ভাই ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









