ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশ দখলমুক্ত করতে অভিযান চালিয়ে প্রায় ৪০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মহাসড়কের সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট, ভাসমান ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
শনিবার (২২ আগস্ট) গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার থেকে এ অভিযান শুরু হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়ার নির্দেশনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেনের নেতৃত্বে ভবানীপুর বাজার থেকে বাঘের বাজার ও মেম্বার বাড়ি পর্যন্ত মহাসড়কের দুই পাশে অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের সরকারি জায়গা দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গড়ে উঠছিল। কোথাও ব্যবসাপ্রতিষ্ঠানের অংশ সড়কের দিকে বাড়ানো হয়েছিল, আবার কোথাও বসানো হয়েছিল ভাসমান দোকান। এতে মহাসড়কের প্রশস্ততা কমে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল।
অভিযানে প্রায় ৪০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রশাসনের দাবি, অভিযানের পর ভবানীপুর বাজার থেকে বাঘের বাজার পর্যন্ত মহাসড়কের ওপর আর কোনো ভাসমান দোকান নেই এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন বলেন, ‘‘গুরুত্বপূর্ণ এই মহাসড়কের জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। জেলা প্রশাসকের নির্দেশনায় প্রায় ৪০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা জায়গা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘উচ্ছেদের পর একই স্থানে আবার স্থাপনা নির্মাণ বা দখলের চেষ্টা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুনরায় দখল ঠেকাতে নিয়মিত নজরদারিও থাকবে।’’
অভিযানে গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার লিপি রানী সিনহা, জয়দেবপুর থানার ওসি আল মামুনসহ র্যাব, পুলিশ, বিজিবি ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের জায়গা দখল করে দোকানপাট গড়ে ওঠায় দীর্ঘদিন ধরে যানজট ও চলাচলে ভোগান্তি পোহাতে হয়েছে। উচ্ছেদের পর সড়কের দুই পাশ অনেকটা উন্মুক্ত হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচল সহজ হয়েছে। তবে উচ্ছেদ করা জায়গা যেন আবার দখল না হয়, সেজন্য নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









