শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।
রবিবার (২৩ আগস্ট) সকাল থেকে বিদ্যালয়গুলোর চলমান পাঠদান ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই ও খোঁজখবর নিতে তিনি এসব বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হুইপ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ, শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি ও সময়ানুবর্তিতা, শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন হুইপ।
তিনি শিক্ষক-কর্মচারীদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি, পাঠ পরিকল্পনা অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান হুইপ। একই সঙ্গে মাদক, কিশোর অপরাধ, অনলাইন আসক্তি ও অন্যান্য ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ তিনি।
পরিদর্শনকালে বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের কাছ থেকে তথ্য নেন হুইপ। শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের সরেজমিন পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









