সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন নামে এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিহত হয়েছেন।
রবিবার (২৩ আগস্ট) সকালে শ্যামলীপাড়া-মোহনপুর সড়কের পশ্চিমপাড়া এলাকায় বালুভর্তি একটি ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত মোশাররফ হোসেন উল্লাপাড়া উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কালিয়াকৈর গ্রামের সাইফুল মাস্টারের ছেলে।
রবিবার সকালে মোটরসাইকেলযোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন শিক্ষক মোশাররফ হোসেন। পথিমধ্যে শ্যামলীপাড়া-মোহনপুর রোডের পশ্চিমপাড়া মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির বালুভর্তি ট্রাক তাকে চাপা দেয়।
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মোশাররফ হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও এর চালক পালিয়ে যায়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, নিহত শিক্ষকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









