সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনের অভিযোগে জাবেদ আহমদ (৩০) নামে একজনকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জের সদরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
অভিযানে আটক জাবেদ আহমদের দেওয়া তথ্যের ভিত্তিতে গুলজার মিয়া (৪০) ও মো. সিরাজ মিয়া (৬৬) নামে আরও দুজনকে আসামি করে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার এসআই সজিব বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









