উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
গতকাল রোববার রাতেই এ সতর্কবার্তা দেওয়া হয়। তবে এই লঘুচাপের নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কম বলেই জানান আবহাওয়াবিদেরা। এতে বেশি বৃষ্টিও হবে না। তবে আজ সোমবার বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। আর রাজধানীতেও দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে।
চলতি মাসে ইতিমধ্যে দুই দফায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তবে তাতে খুব বেশি বৃষ্টি হয়নি। এবারের লঘুচাপটির আবার নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কমে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। আজ সকালে তিনি বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হয়তো কিছুটা বাড়তে পারে। তাতে সাময়িক স্বস্তি মিলতে পারে।
আবহাওয়ার বার্তায় উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
গতকাল দেওয়া ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এবারের এ লঘুচাপ বাংলাদেশে তেমন কোনো প্রভাব সৃষ্টি করবে না। এ সপ্তাহে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও টানা বৃষ্টির সম্ভাবনা কম। তবে আগামী রোববার বৃষ্টি বাড়তে পারে। আর এর দুই দিন পর আবার একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আজ দুপুর বা বিকেলের দিকে রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে এ বৃষ্টি বেশি হবে না।
গতকালের চেয়ে আজকের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও আবহাওয়ার বার্তায় বলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









