বঙ্গোপসাগরে উত্তাল সাগরে প্রবল ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে পাশ দিয়ে যাওয়া আরেকটি ট্রলারের জেলেদের তাৎক্ষণিক সহায়তায় ট্রলারে থাকা ১৬ জন মাঝি-মাল্লা জীবিত উদ্ধার হয়েছেন।
রবিবার (২৩ আগস্ট) সকালে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। তবে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ জন্য নৌবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান ট্রলার মালিক।
এর আগে গতকাল শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা প্রায় ৭টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর উপকূলসংলগ্ন গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির নাম রাইসা মনি। এর মালিক বরগুনা পৌর এলাকার বাসিন্দা রাসেল।
ট্রলার মালিক রাসেল উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে জানান, গত সপ্তাহে বরগুনা থেকে ১৬ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায় রাইসা মনি ট্রলারটি। শনিবার বিকেলের দিকে আবহাওয়ার অবনতি হলে সাগর উত্তাল হয়ে ওঠে। নিরাপদে উপকূলে ফেরার পথে মহিপুর উপকূল এলাকায় প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারের পেছনের অংশের তলা ফেটে যায়। এতে দ্রুত পানি ঢুকে পড়লে অল্প সময়ের মধ্যেই সামুদ্রিক মাছবোঝাই ট্রলারটি ডুবে যায়।
তিনি আরও জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পর আশপাশে থাকা একটি মাছ ধরার ট্রলার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একে একে সব জেলেকে উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া জেলেরা এখনও উপকূলে ফিরে আসেননি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গভীর সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে শনিবার থেকেই অনেক ট্রলার নিরাপদে উপকূলে ফিরতে শুরু করেছে। রাইসা মনি ট্রলারটিও ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। সৌভাগ্যক্রমে পাশের ট্রলারের জেলেদের দ্রুত তৎপরতায় ১৬ জনের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









