সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় মো. উজ্জ্বল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য।
সোমবার (২৪ আগস্ট) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, উজ্জ্বল হোসেন মোটরসাইকেলযোগে জগন্নাথপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। নিহতের বড় বোন শামীমা আক্তার দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত মো. উজ্জ্বল মিয়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন। তিনি জামালগঞ্জের একটি ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা।
নিহতের বড় বোন শামীমা আক্তার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সিলেট থেকে ঘটনাস্থল শান্তিগঞ্জে যাচ্ছেন। তারা ৫ ভাই, ৪ বোন। ভাইদের মধ্যে উজ্জ্বল তৃতীয়। সে দুই-তিন বছর ধরে আনসার বাহিনীতে কর্মরত। ছুটি কাটাতে বাড়ি এসেছিল। আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল্লাহ বলেন, ‘‘সকাল আনুমানিক ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ থানা হেফাজতে আছে। নিহতের নিকটাত্মীয়দের কেউ এখনও আসেননি। তারা আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









