গাজীপুর মহানগরের একটি জুয়েলারি দোকান থেকে আবুল কালাম আজাদ (৪২) নামে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই দোকানের স্বত্বাধিকারী ছিলেন। দোকানের ভেতরেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় মহানগরের গাছা থানাধীন ভূষির মিল এলাকার সাদিয়া জুয়েলার্সের তালা ভেঙে দোকানের ভেতর থেকে আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আবুল কালাম আজাদ কুমিল্লার নাঙ্গলকোট থানার ভোলাইন গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরের ভূষির মিল এলাকায় দোকানটি ভাড়া নিয়ে জুয়েলারি ব্যবসা করে আসছিলেন। প্রতিদিন রাতে তিনি নিজের দোকানের ভেতরেই ঘুমাতেন এবং সাধারণত সকাল ৯টার মধ্যে দোকান খুলে ব্যবসা শুরু করতেন।
পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, রবিবার সকাল পেরিয়ে দুপুর হলেও আবুল কালাম আজাদের দোকান খোলা হয়নি। দীর্ঘ সময় দোকান বন্ধ থাকায় আশপাশের ব্যবসায়ীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয় এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানের ভেতরে আবুল কালাম আজাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার শরীর ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী বলেন, ‘‘নিহতের শরীর ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।’’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘‘হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা বের করার চেষ্টা চলছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনার পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্তে পুলিশ কাজ করছে।’’
এদিকে দিনের বেলায় দোকান থেকে জুয়েলারি ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় ভূষির মিল এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









