চাঁদার দাবিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। এরপর বাড়িতে হামলা করলে একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরিবারের সদস্যদের চিকিৎসা নিশ্চিত করা ও পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত থাকায় সঙ্গে সঙ্গে থানায় যেতে পারেননি পরিবারটি। ঘটনার তিন দিন পর লিখিত অভিযোগের মাধ্যমে সামনে এসেছে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও (মোল্লাপাড়া) এলাকায় গত ২১ আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে। ২৩ আগস্ট কালীগঞ্জ থানায় অভিযোগ দেন সৌদি প্রবাসী জসিম উদ্দিন পালোয়ানের স্ত্রী সামিয়া আক্তার।
সামিয়ার দাবি, সৌদি আরব থেকে দেশে ফেরার পর জসিমের কাছে স্থানীয় জয়নাল মোল্লা, অলিউল্লাহ মোল্লা ও এমরান মোল্লা ৫ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে এলাকায় থাকতে দেওয়া হবে না এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
সামিয়ার ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট দুপুর সোয়া ২টার দিকে একদল লোক ধারালো অস্ত্র, চাপাতি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে ঢোকে। জসিমকে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা ও হাত জখম হয়।
স্বামীকে রক্ষা করতে এগিয়ে গিয়ে হামলার শিকার হন সামিয়া। আহত হন জসিমের বাবা নাজিম উদ্দিন (৭৬), মা মনোয়ারা বেগম (৬৮) ও বড় জা নিপা খন্দকার (৪০)।
অভিযোগে বলা হয়েছে, ঘরে ঢুকে আলমারি ভেঙে ১ লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়। নিপার স্বর্ণের চেইন ও দুল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ‘‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা ও দায় তদন্তের মাধ্যমেই নির্ধারিত হবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। জয়নাল মোল্লার পরিবারের একটি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









