ময়মনসিংহের গৌরীপুরে জুয়া ও মাদকের আসর হিসেবে ব্যবহারের অভিযোগে একটি ঘর ভেঙে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কলতাপাড়া ও পাশের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বাথুয়াদি গ্রামের সীমানাঘেঁষা এলাকায় খোকন নামের এক ব্যক্তির বাড়িতে কিছুদিন ধরে ‘ওয়ান টেন’ নামে জুয়ার আসর বসছিল। একই এলাকায় ইয়াবা সেবন ও কেনাবেচারও অভিযোগ রয়েছে।
জুয়া ও মাদকের কারণে এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়ছে এবং তরুণেরা মাদকের দিকে ঝুঁকছেন এমন অভিযোগ তুলে সোমবার মধ্যরাতে একদল স্থানীয় বাসিন্দা সেখানে জড়ো হন। পরে তারা জুয়ার আসর হিসেবে ব্যবহৃত স্থান ও মাদকের আখড়া হিসেবে পরিচিত একটি ঘর ভেঙে দেন।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, প্রায় প্রতিদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত সেখানে জুয়ার আসর বসত। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতেন। পাশেই মাদক সেবন ও কেনাবেচা চলত বলেও তিনি অভিযোগ করেন।
অপর স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, জুয়ার আসর চালু হওয়ার পর থেকে এলাকায় চুরি ও ছিনতাই বেড়েছে। পাশাপাশি তরুণদের মধ্যে মাদকের আসক্তি বাড়তে থাকায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
তানভীর ইসলাম নামের এক বাসিন্দা বলেন, জুয়া ও মাদকের প্রভাবে এলাকায় বিশৃঙ্খলা ও অপরাধ বাড়ছিল। বারবার সমস্যার সৃষ্টি হওয়ায় গ্রামবাসীরা একত্র হয়ে ওই আসর ভেঙে দেন।
এ ঘটনায় ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধেও জুয়ার আসরের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
সাইফুল ইসলাম বলেন, তিনি জুয়া বা মাদক কারবারের সঙ্গে জড়িত নন। তার দাবি, “স্থানীয় কয়েকজন ব্যক্তি এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে ঘটনার রাতে তিনি ওই স্থানে গিয়েছিলেন বলে স্বীকার করেন। সাইফুল ইসলাম বলেন, তিনি জুয়া খেলতে সেখানে গেলেও পরিস্থিতি খারাপ দেখে না খেলেই ফিরে আসেন।”
স্থানীয়ভাবে আশরাফুল ইসলাম ও তার ছেলে মামুনের বিরুদ্ধেও মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা বলেন, বিষয়টি জানার পর গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









