গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে কোনাবাড়ী থানার দেওলিয়া বাড়ি এলাকার ক্লাব মোড়ের একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে কর্মচারী ও স্থানীয়রা আগুনের বিষয়টি টের পান। তারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে।
পরে খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বহু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









