চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির প্রতিরোধে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রহনপুর ইউনিয়নের রামদাসপুর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৬/এমপি-এর কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ভারতের ১২ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে রামদাসপুর বিওপির টহল সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ছয়জনকে ভারতীয় শূন্য লাইনে অবস্থান করতে দেখা যায়। পরে বিজিবির বাধার মুখে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক খুদে বার্তায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ছয়জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









