গোপালগঞ্জের কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির অভিযোগে কারখানার মালিক আবু সাইদের স্ত্রী শাকিরা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার রাতইল ইউনিয়নের শংকরপাশা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে দুই লক্ষাধিক টাকার নকল সজীব ও সোনালী বিড়ি এবং বিড়ি তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়। পরে জব্দ করা নকল বিড়ি ও কাঁচামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা লিজা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি তৈরি করে বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব নকল বিড়ি ও কাঁচামাল জব্দ করা হয়। এ সময় নকল বিড়ি তৈরি, বিক্রি এবং ভুয়া ঠিকানা ব্যবহারের অভিযোগে কারখানার মালিক আবু সাইদের স্ত্রী শাকিরা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









