মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে লাতু সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম বলাই নমসূত্র (৩১)। তিনি ভারতের করিমগঞ্জ জেলার লাতু থানার গৌবিন্দপুর গ্রামের মৃত জিতেন্দ্র নমসূত্রের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতীয় একটি চোরাকারবারি চক্র মাদক, অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সীমান্ত পিলার ১৩৬৬/৫-এস-এর কাছ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। পরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়।
বিজিবির ভাষ্য, অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় অন্য চোরাকারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে সীমান্ত পিলার ১৩৬৬/৫-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আহত অবস্থায় বলাই নমসূত্রকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, .২২ বোরের দুই রাউন্ড গুলি ও ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, সীমান্তে মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন ভারতীয় চোরাকারবারিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তি এবং জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা ট্যাবলেট বড়লেখা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









