নাটোর শহরের একডালা বাবুর পুকুরপাড় এলাকায় জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সাদ্দাম রেজার ছত্রছায়ায় রমরমা ইয়াবা ব্যবসা ও মাদক সেবনের অভিযোগ উঠেছে। মাদকের অবাধ বিস্তারে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে একটি চক্র ওই এলাকায় প্রকাশ্যে ইয়াবা কেনাবেচা ও সেবনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে সন্ধ্যার পর থেকে বাবুর পুকুরপাড় এলাকায় মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, মাদক ব্যবসার প্রতিবাদ করতে গেলে সাদ্দাম রেজার অনুসারীরা সাধারণ মানুষ ও পথচারীদের হুমকি-ধমকি দেন। ফলে ভয়ে অনেকে প্রতিবাদ করতেও সাহস পাচ্ছেন না।
স্থানীয়দের দাবি, এলাকায় মাদকের বিস্তারের কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও বেড়ে চলেছে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদকের ভয়াবহতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। একই সঙ্গে একডালা বাবুর পুকুরপাড় এলাকায় মাদকের আড্ডা ও অবৈধ ব্যবসা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সাদ্দাম হোসেনের। তার এই কার্যক্রমে ছাত্রদলের মান ক্ষুন্ন হয়েছে। তার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
এ বিষয়ে নাটোর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “ফেসবুক মাধ্যমে মাদক সেবনের বিষয়টি দেখেছি। সাদ্দাম কে নজরদারিতে সোর্স লাগিয়ে রেখেছি হাতেনাতে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









