ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। কুষ্টিয়া-৩ (সদর) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফল ঘোষণা করলে মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৫৩ হাজার ৭৮১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে ১৪২টি কেন্দ্রে আমির হামজা পেয়েছেন ১লাখ ৮০ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট পেয়েছেন।
ফল ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘সবার আগে আমি আল্লাহকে স্মরণ করি। আজ যদি আমাদের প্রায়ত জেলা আমির অধ্যাপক আবুল হাসেম মহোদয় বেঁচে থাকতেন তিনি বেশি খুশি হতেন। আমার এই বিজয় কুষ্টিয়া-৩ আসনের জনগণের বিজয়। আমি সবসময় এই আসনের জনগণের পাশে থেকে কাজ করব।’
আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৬০০। এই আসনে ভোটের সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৭৪০ টি। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৮৪৩ টি। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৮৯৭ টি। ভোটের শতকরা হার ৭২.৯৫ শতাংশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









