পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের কুহুদশকাঠি গ্রামে জমি দখল, সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগে প্রিয়তোষ সাধক ও পরিতোষ সাধকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কুহুদশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রিয়তোষ সাধক ও পরিতোষ সাধকের বিরুদ্ধে কুহুদশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা এবং স্থানীয় বিভিন্ন মানুষের জমি দখলের অভিযোগ রয়েছে।
এ ছাড়া মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি এবং তাদের জায়গা দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে সুমন বৈদ্য, হরিদাসসহ স্থানীয় কয়েকজন বক্তব্য দেন। তারা বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের কারণে এলাকার সাধারণ মানুষ আতঙ্ক ও হয়রানির মধ্যে রয়েছেন বলে তাদের অভিযোগ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি রক্ষা এবং স্থানীয় মানুষের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে অভিযুক্ত প্রিয়তোষ সাধক ও পরিতোষ সাধকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এমনকি তাদের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
মানববন্ধন থেকে এলাকাবাসী কুহুদশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিসহ স্থানীয়দের জমি সংক্রান্ত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









