ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন এবং এরই মধ্যে দেশবাসী উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন দেখতে পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে নীলফামারী সার্কিট হাউজে জেলা পরিষদ আয়োজিত শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক তুহিন বলেন, প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা একটু মনোযোগী হলেই নিজেদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। নীলফামারীতে ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে স্থানীয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। এ পরিস্থিতি পরিবর্তনে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদের উদ্যোগে নতুন একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহার করে নিজেদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তামান্না ইয়াসমিন ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান কাজল।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া নীলফামারীর ৩৩৮ জন শিক্ষার্থীকে জনপ্রতি দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে শনিবার ৮০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
এ ছাড়া একই অনুষ্ঠানে ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









