গাজীপুর মহানগরীর গাছা থানাধীন রহিম সুপার মার্কেট এলাকায় দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
শনিবার (২৮ আগস্ট) ভোরে নিজ ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত ব্যক্তির নাম আবু তালহা। তিনি নড়াইল জেলার সুমনু ডাঙ্গা গ্রামের বাসিন্দা।
তার স্ত্রী হিসেবে মিতু আক্তার মিনারার নাম জানা গেছে। তারা প্রায় চার বছর ধরে গাছা থানার রহিম সুপার মার্কেট এলাকার সাবিনা ইয়াসমিনের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন সংসার করলেও ওই দম্পতির কোনো সন্তান ছিল না। এ কারণে আবু তালহাকে দ্বিতীয় বিয়ের জন্য পরিবারের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ও কলহ চলছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে আবু তালহা ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী মিনারা ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তার চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন।
পরে তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে ঘটনার খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজখবর শুরু করেছে।
গাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আউয়াল জানান, এই ঘটনা এখনো থানায় কোন অভিযোগ দায়ের হয়নি ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









