পিরোজপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম-সেবা)। রবিবার (৩০ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
মুহাম্মদ তালেবুর রহমান এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি হিসেবে যোগ দেন।
এরপর ২০২৬ সালের মার্চে তাকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশের এই কর্মকর্তা ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। চাকরিজীবনে ২০১৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার এবং ২০১৮ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান।
মুহাম্মদ তালেবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন।
এদিকে পিরোজপুরের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
নতুন পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ, মাদক ও অপরাধ দমন, কিশোর অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা পিরোজপুরবাসীর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









