বগুড়ার সারিয়াকান্দিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।দেশব্যাপী নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
সোমবার ( ৩১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন—তিনি ছিলেন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার কবি। তার সাহিত্য ও সৃষ্টিকর্ম শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা সম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সারিয়াকান্দি থানার ওসি তদন্ত নুর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি এবং উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক রাজুসহ অন্যরা।
আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
আয়োজকদের প্রত্যাশা—এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের কাছে আরও জীবন্ত হয়ে উঠবে বিদ্রোহী কবির সাম্য ও মানবতার বার্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









