দশমিনায় দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মারুফ মুন্সি (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে ঢাকা থেকে আটক করেছে দশমিনা থানা-পুলিশ। পরে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকা থেকে বিক্রি করা শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) রাতে মারুফকে ঢাকা থেকে আটক করা হয়। পরে রাত দেড়টার দিকে গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকা থেকে শিশু মুসাকেও উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহের কারণে মারুফ ও তার স্ত্রী আলাদা থাকতেন। গত এক মাস ধরে শিশুটির দেখাশোনা করছিলেন তার দাদি। শনিবার সকালে মারুফ শিশুটিকে নিয়ে ঘুরতে বের হন। সন্ধ্যা হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। পরে তারা জানতে পারেন, ঢাকায় মারুফের সহকর্মী ইমরান হোসেনের শ্বশুরের কাছে শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে।
পরিবারের অভিযোগ, শিশুটির মূল্য এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৫২ হাজার টাকা অগ্রিম নেওয়া হয়। ওই টাকা দিয়ে মারুফ একটি আইফোন কিনেছেন বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
তবে সন্তান বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন মারুফ। পুলিশ হেফাজতে তিনি জানান, তার স্ত্রী প্রায় এক মাস আগে শিশুটিকে রেখে চলে যান। এরপর তার মা শিশুটির দেখাশোনা করছিলেন। স্ত্রীর সিজারের সময় হওয়া দেনাসহ তার স্থানীয়ভাবে কিছু ধারদেনা ছিল। এ কারণে সহকর্মী ইমরান হোসেন ও তার শ্বশুরের কাছে শিশুটিকে লালন-পালনের জন্য দেওয়ার কথা বলে ৫২ হাজার টাকা নিয়েছেন। এ বিষয়ে লিখিত কাগজও করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
ওই টাকা দিয়ে দশমিনা বাজার থেকে ৫২ হাজার টাকায় একটি আইফোন কেনেন বলেও জানান মারুফ।

শিশুটির নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তার কথা বিবেচনা করে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির জন্য শুকনো খাবার, খেলনা ও জামা-কাপড় প্রদান করেন। এ ছাড়া দশমিনা বাজারের ব্যবসায়ী সনিরেংসের দশমিনা শাখার পরিচালক ও স্বত্বাধিকারী মো. জাহিদুল ইসলাম শিশুটির সহায়তায় নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।
ইউএনও মো. মাহমুদ হাসান মৃধা বলেন, শিশুটির দাদা-দাদির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুটির জন্য জামা-কাপড় ও খেলনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণের সহায়তায় শিশুটির ভবিষ্যতের জন্য একটি ব্যাংক হিসাব খোলারও ব্যবস্থা করা হচ্ছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও মারুফকে আটক করে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জটিলতা রয়েছে।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন ও মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









