পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় দীর্ঘদিনের পানি সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতি। ভোল্টেজ স্বল্পতার কারণে পৌরসভার ওয়াটার পাম্পগুলো পূর্ণ ক্ষমতায় চালু রাখা সম্ভব হচ্ছিল না, যার ফলে তীব্র সুপেয় পানির সংকটে ভুগছিলেন পৌরবাসী। এই অচলাবস্থা কাটাতে আগামী ৭ দিনের মধ্যে নতুন বিদ্যুৎ লাইন ও প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগষ্ট) বিকেলে উপজেলা কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
সম্প্রতি দৈনিক এদিনে ‘৫৩ কোটি টাকার প্রকল্পেও কাটেনি পানি সংকট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির। এর প্রেক্ষিতে পানি সংকট নিরসনে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আতাউর রাব্বি এবং পল্লী বিদ্যুতের ডিজিএম আমিনুল ইসলাম সুমনের মধ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পৌরসভার পানি উত্তোলন ব্যবস্থার বর্তমান স্থবিরতা নিয়ে আলোচনা হয়। পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন ভোল্টেজ না থাকায় পাম্পগুলো সময়মতো পানি উত্তোলন করতে পারে না, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে একটি পৃথক (নতুন) বিদ্যুৎ লাইন এবং প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম স্থাপনের প্রতিশ্রুতি দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ আতাউর রাব্বি সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “পৌরবাসীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করছি খুব দ্রুতই এই সমস্যার স্থায়ী সমাধান হবে।”
প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। নতুন লাইন চালু হলে ভোল্টেজ সমস্যা দূর হবে এবং পৌরবাসী নিয়মিত পানি পাবেন বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনস্বার্থ সংশ্লিষ্ট এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সচেতন পৌরবাসী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









