বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) উদ্যোগে হাওরাঞ্চলের কৃষি গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন বিষয়ক প্রকল্পের চূড়ান্ত পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল লেকশোর এ সমাপনী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, ফাইনাল রিভিউ ওয়ার্কশপ অব সিটি ব্যাংক'স এগ্রিকালচারাল রিসার্চ, ডেভেলপমেন্ট আন্ড ইনোভেশন ইন দি অগ্র ইকোলজিক্যাল রিজিওন অব বাংলাদেশ শীর্ষক গবেষণা প্রকল্পের অর্থায়ন করে সিটি ব্যাংক। তিন বছর মেয়াদী প্রকল্পের আওতায় বাকৃবির গবেষকদের তত্ত্বাবধানে ২২টি উপ প্রকল্প পরিচালিত হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) এবং দ্য সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
সমাপনী কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)-এর পরিচালক অধ্যাপক ড. মো. শামসুল আলম ভূঁঞা। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম, কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) ড. মো. মনোয়ার করিম খান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন। স্বাগত বক্তব্য প্রদান করেন বাউরেস-এর সাবেক সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জাবিদুল হক ভূঁইয়া।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউরেস-এর সাবেক পরিচালক অধ্যাপক ড. মো: হাম্মাদুর রহমান। তিনি বলেন, “হাওর অঞ্চলের কৃষি, গবাদিপশু, মৎস্য, পরিবেশ ও জীবিকা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। গবেষণাগুলোতে জলবায়ু-সহনশীল কৃষি উৎপাদন, ফসলের বৈচিত্র্যকরণ, রোগ ও পোকা-মাকড় ব্যবস্থাপনা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং কৃষকদের আয় বৃদ্ধির ওপর আলোকপাত করা হয়েছে। এই প্রকল্পের অধীনে দেশের হাওর-প্রধান সাতটি জেলায় মোট ২২টি গবেষণা পরিচালনা করা হয়।”
তিনি আরও বলেন, “পুরো প্রকল্পটির জন্য সিটি ব্যাংক সর্বমোট ৪ কোটি টাকা (৪০ মিলিয়ন টাকা) অর্থায়ন করেছে।”
বাংলাদেশের হাওর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে পরিচালিত গবেষণার ফলাফল এবং উদ্ভাবনী উদ্যোগসমূহ পর্যালোচনার জন্য এই কর্মশালায় নীতি নির্ধারক, গবেষক, কৃষি বিশেষজ্ঞ, উন্নয়ন কর্মী এবং আর্থিক খাতের প্রতিনিধিরা একত্রিত হন।
কর্মশালায় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “দেশের হাওরাঞ্চলের কৃষির উন্নয়নে এত বড় অর্থায়ন করার জন্য সিটি ব্যাংককে ধন্যবাদ জনাই। আমি অনুরোধ করবো এই ২২ উপ-প্রকল্প থেকে জনসাধারণের জন্য সমস্যা ভিত্তিক সমাধানগুলো পত্রিকায় লেখনীর মাধ্যমে তুলে ধরেন। আমি বিশ্বাস করি গবেষণা এত সহজ নয়। কিন্তু বাকৃবির গ্রাজুয়েটরা তাদের জ্ঞান, দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে দেশের খাদ্য উৎপাদন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও কৃষির উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”
আলোচনায় হাওর বাস্তুতন্ত্রে কৃষির নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন, বন্যা, টেকসই উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং কৃষক সম্প্রদায়ের জীবিকার মানোন্নয়নের বিষয়গুলো প্রাধান্য পায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









