কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম নাফিসুর রহমান নিবিড়ের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ পাঁচ পর্যটকের মরদেহ উদ্ধার করা হলো।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে হিমছড়ির ভাঙার মোড় এলাকার এক্সোটিকা সাম্পান-সংলগ্ন সৈকতে জোয়ারের পানিতে নিবিড়ের মরদেহ ভেসে আসে। পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দলের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। নিবিড় রাজধানীর আজিমপুরের বাসিন্দা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঢাকা থেকে আসা একদল পর্যটক হিমছড়ির পেঁচারদ্বীপ জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসল করতে নামেন। এ সময় উত্তাল সাগরের প্রবল স্রোত ও ঢেউয়ে কয়েকজন ভেসে যেতে থাকেন। কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিবিড়সহ দুজন নিখোঁজ হন।
নিখোঁজদের উদ্ধারে স্থানীয় লোকজন, লাইফগার্ড, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল অভিযান শুরু করে। বুধবার তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা হলেন ঢাকার উত্তরার দিয়াবাড়ির আল মাহিবুল ইবনে মোকাররম ওরফে রোহান (২৩), দক্ষিণখানের সাইফুল হক ওরফে জিসান (২৩) এবং উত্তরার আজিমপুরের নাফিসুল হক (২২)। বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার শেরশাহ জামতলা এলাকার মোহাম্মদ কবিরের ছেলে মোহাম্মদ হারুনের (২০) মরদেহ। সন্ধ্যায় উদ্ধার করা হয় নিবিড়ের মরদেহ।
জেলা প্রশাসনের বিচ কর্মী মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন সাগরে একটি মরদেহ ভাসতে দেখে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও হিমছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা সেটি উদ্ধার করেন। সন্ধ্যায় আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধার করা মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









