‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে এবং নিসচার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মার্জানুল ইসলাম।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, নিসচার উপদেষ্টা সুলতান আহমদ খলিল, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহসভাপতি গোলাম কিবরিয়াসহ সংগঠনের নেতারা এবং পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চনকে সড়ক দুর্ঘটনায় হারানোর শোককে শক্তিতে পরিণত করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তোলেন। ১৯৯৩ সালের ১ ডিসেম্বর শুরু হওয়া এ সামাজিক আন্দোলন সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সড়ক দুর্ঘটনা নিছক নিয়তি নয়, বরং মানবসৃষ্ট বিপর্যয়। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় দুর্গাপূজা উপলক্ষে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন ও জনসচেতনতায় নিসচার কার্যক্রমের প্রশংসা করেন ইউএনও। পাশাপাশি সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নিসচার নেতাদের অন্তর্ভুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নিসচা বড়লেখা উপজেলা শাখার জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব জমির উদ্দিনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









