বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন বলেছেন , “এক কোটি লোক বিদেশে কাজ করে, তার ৯০ ভাগই জিয়াউর রহমানের অবদান। আর এ কারণেই অর্থনীতি স্বচ্ছল।”
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষকে নিয়ে চিন্তা ও ভালোবাসার কারণে বিএনপি গঠন করেছিলেন। তিনি ছিলেন সেই ব্যক্তি, যখন নেতারা সব পালিয়ে কলকাতায় আরাম-আয়েশে ঘুমিয়েছেন, কেউ কেউ পাকিস্তানিদের হাতে ধরা দিয়েছেন, সেই মুহূর্তে চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।”
আলমগীর হোসেন আরও বলেন, “পরে সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ আবার তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। তখন তিনি একটি সুসংগঠিত দল গঠন করতে চেয়েছিলেন। ১৯৭৮ সালে জাগদল থেকে শুরু করে জাতীয়তাবাদী দলে রূপান্তরিত হয়ে ১৯ দফা জনগণের সামনে হাজির করা হয়।”
এসময় তিনি বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধ হই, স্বপ্নের সুন্দর ও মানবিক বাংলাদেশের জন্য।”
মঙ্গলবার বেলা ১১টার দিকে পিরোজপুর শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এসময় কর্মসূচিতে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
পথসভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নের লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করে সমৃদ্ধ, সুন্দর ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









