চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেড ও স্যানিটারি লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যপণ্য তদারকি করা হয়। এ সময় ট্রেড লাইসেন্স ও স্যানিটারি লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন এবং অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহারের অপরাধে জামাল মিয়ার প্রতিষ্ঠান মেসার্স রিমি ফুডকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া ট্রেড ও স্যানিটারি লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত রং ও ফ্লেভার এবং শিল্প লবণ ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে মুসলিম ফাস্ট ফুড এন্ড বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠান দুটিকে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র হালনাগাদ এবং উৎপাদনস্থলের পরিবেশ পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









