নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোড়গ্রামের ভবানীগঞ্জ বাজারের বকুলতলা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা ওয়াদুদ ইসলাম, রেজাউল ইসলাম, আবুল কালাম, আব্দুস সোবহান, জিকরুল ইসলাম, মশিউর রহমান ও মমিনুল ইসলামসহ অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ড প্রদানের জন্য তথ্য সংগ্রহের কাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। পাশাপাশি প্রকৃত দরিদ্র মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা আরও বলেন, যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা আওয়ামী লীগের কর্মী হওয়ায় গত ১৭ বছরে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। তাদের দায়িত্ব দেয়া হলে আবারও আওয়ামী লীগের কর্মীরা লাভবান হবে এবং প্রকৃত সুবিধাবঞ্চিতরা আবারো বঞ্চিত হবেন।
বক্তারা গোড়গ্রাম ইউনিয়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানান। অন্যথায় আরও জোরালো আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









