পাবনা জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে ৯টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহার করায় ৫টি যানবাহনের চালকের কাছ থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন স্থাপনের অপরাধে একটি বাস ও চারটি ট্রাকের চালককে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাবনার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। পাবনা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মোমিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী মো. আব্দুল মোমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
আব্দুল মোমিন বলেন, ‘‘অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব হর্ন ব্যবহার মানুষের শ্রবণশক্তি, মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের জন্যও মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’
তিনি আরও বলেন, ‘‘সচেতনতা বৃদ্ধি এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে শব্দদূষণ কমিয়ে একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। যানবাহনের চালক ও মালিকদের নির্ধারিত মানমাত্রার হর্ন ব্যবহারের জন্য অনুরোধ জানানো হচ্ছে।’’
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









