গণমাধ্যমকর্মী হিসেবে পরিবেশ ও জনসচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। পরিবেশ সচেতনতা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর সাতটি প্রতিষ্ঠান ও বিশিষ্ট নাগরিককে জাতীয় অ্যাওয়ার্ড ‘গ্রিনম্যান-২০২৬’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান ও সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার। এ সময় পরিবেশ বিশেষজ্ঞ ড. আদিল মুহাম্মদ খান ও ড. ফরহাদুর রেজাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফাহিম মোনায়েম ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি মাইটিভি ও টিবিএন২৪-এ কাজ করেছেন। বর্তমানে বৈশাখী টেলিভিশনে সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বরিশাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)-এর অর্থ ও দপ্তর সম্পাদক এবং শিপিং রিপোর্টার্স ফোরামের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে ফাহিম মোনায়েম অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন করেছেন। নানা প্রতিকূলতা ও পেশাগত চ্যালেঞ্জের মধ্যেও মাঠপর্যায়ে সাংবাদিকতা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অবস্থান থেকে তিনি সরে আসেননি।
আবাসন খাতের সংগঠন রিহ্যাবের সর্বোচ্চ পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন তিনি। দীর্ঘ সাংবাদিকতা জীবনের সংগ্রাম এবং পরিবেশ সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘গ্রিনম্যান-২০২৬’ প্রাপ্তিকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন তার সহকর্মীরা।
অনুষ্ঠানে সবুজ আন্দোলনের পক্ষ থেকে পরিবেশ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বাতিল করা ৩৭টি সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, লোডশেডিং ও জ্বালানি সংকটকে সাময়িকভাবে মোকাবিলার পরিবর্তে দীর্ঘমেয়াদি জ্বালানি রূপান্তরের সুযোগ কাজে লাগাতে হবে। এ জন্য রুফটপ সোলার, সৌরচালিত সেচ, ব্যাটারি স্টোরেজ, আধুনিক গ্রিড এবং সহজ বিনিয়োগ ও ঋণ—এই পাঁচটি খাতকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়া নেট মিটারিং ও গ্রিড সংযোগের জটিলতা দূর করে ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানকে সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করা, কৃষিজমি রক্ষা করে অনাবাদি ও সরকারি অব্যবহৃত জমিকে বড় নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য অগ্রাধিকার দেওয়া এবং জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ দ্রুত বাড়াতে সময়বদ্ধ জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়।
আলোচনায় বিশেষজ্ঞদের দেওয়া এসব পরামর্শ গুরুত্ব দিয়ে সরকারকে বিবেচনা করা উচিত বলে মনে করেন সাংবাদিক ফাহিম মোনায়েম। তার মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে এখনই জাতীয় অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









