দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাট হাতে একের পর এক নতুন ইতিহাস লিখে যাচ্ছেন তাওহিদ হৃদয়। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরিতে থামেননি, এক অবিশ্বাস্য ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের নাম খোদাই করে নিয়েছেন তিনি।
বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার অবিস্মরণীয় কীর্তি গড়ার পর এবার দেশের ক্রিকেটের সর্বকালের সেরা একক রানের রেকর্ডটিও নিজের নামে করে নিলেন এই তরুণ ব্যাটার।
এতদিন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি ছিল অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের দখলে।
২০১৯ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পূর্বাঞ্চলের হয়ে খেলার সময় মধ্যাঞ্চলের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনবদ্য ৩৩৪ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন তামিম। দীর্ঘদিন ধরে অক্ষত থাকা সেই পাহাড়সম রেকর্ডটি এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ভেঙে চুরমার করে দিলেন হৃদয়।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিনি যখন ৩৫০ রানের এক মহাকাব্যিক ইনিংসে অপরাজিত ছিলেন, ঠিক তখনই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয় দল। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করলে চতুর্থ ও শেষ দিনে সাইফউদ্দিনের বিদায়ের পর বাংলাদেশের হাতে ছিল শেষ ৪টি উইকেট। সেই অবস্থান থেকে আজ শেষ দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ ‘এ’ দল। দ্রুতই জোড়া উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা।
অষ্টম উইকেটের পতন যখন ঘটে, তখন হৃদয়ের ব্যক্তিগত সংগ্রহ ছিল ২২৫ রান। রেকর্ড স্পর্শ করা তখনও বেশ কিছুটা দূরে বলে মনে হচ্ছিল। তবে নবম উইকেটে তাকে যোগ্য সঙ্গ দেন ব্যাটার রেজাউর রহমান। এই দুজনের দৃঢ়তায় প্রতিরোধ গড়ে তোলে সফরকারীরা এবং রান উৎসব অব্যাহত থাকে।
বাংলাদেশ ‘এ’ দল তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৭৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা করে। পুরো ইনিংসে হৃদয়ের ব্যাটিং ছিল আত্মবিশ্বাসের অনন্য দলিল। তিনি ৪৮১টি বল মোকাবেলা করে অপরাজিত ৩৫০ রানের ইতিহাসগড়া ইনিংস খেলেন। অন্যদিকে তাকে সঙ্গ দেওয়া রেজাউর রহমান ১১০ বল খেলে ৩১ রানে অপরাজিত থাকেন।
১৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। তবু বাংলাদেশের অবশ্য জয়ের সম্ভাবনা তেমন নেই। কারণ দক্ষিণ আফ্রিকাকে অলআউট করার জন্য হাতে পুরো এক সেশনও নেই বোলারদের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









