গাজীপুর টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজারো বস্তিবাসী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
সকালে টঙ্গী বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বস্তিবাসী। মিছিলটি স্টেশন রোড প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাজার অংশে গিয়ে অবস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পথচারীরা। পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে যান। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভে অংশ নেওয়া বস্তিবাসীদের অভিযোগ, গুটিকয়েক মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই তাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
আন্দোলনকারীরা বলেন, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের বর্তমান স্থানে বসবাসের সুযোগ দিতে হবে। একই সঙ্গে দ্রুততম সময়ে বিকল্প আবাসনের ব্যবস্থা করে তারপর উচ্ছেদ কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।
বস্তিবাসীরা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা নিজেরাও প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে কয়েকজনের অপরাধের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে হাজারো পরিবারকে গৃহহীন করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরিফুর রহমান বলেন, ‘‘অবরোধের ফলে কয়েক মিনিটের জন্য মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে, পরে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









