২০২৫ সালের তুলনায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশের কেন্দ্রীয় অপরাধ পরিসংখ্যান এবং জেলাভিত্তিক সমন্বিত তথ্য বিশ্লেষণ করেই এ মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের মাসিক পরিসংখ্যান পুলিশ সদর দপ্তরে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা হয়। আগের বছরের তথ্যের সঙ্গে এসব পরিসংখ্যান তুলনা করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা হচ্ছে।
তিনি বলেন, ‘‘২০২৫ সালের তুলনায় আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, সংখ্যা দিয়ে দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের সরকারি সূত্র। আপনারা চাইলে যাচাই করতে পারেন।’’
অন্য কোনো সরকারি কর্মকর্তা বা উপদেষ্টার বক্তব্যের সঙ্গে পুলিশের তথ্যের বিরোধ তৈরি না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারও কাছে ভিন্ন কোনো পরিসংখ্যান থাকলে তা যাচাইয়ের জন্য পুলিশকে দিতে হবে।
দেশে শিশু নিখোঁজের ঘটনায় প্রায় ১৫ হাজার জিডি হয়েছে এবং আগের সময়ের তুলনায় এ সংখ্যা বেড়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওই তথ্যের উৎস জানতে চান।
তিনি বলেন, ‘‘সেই কাগজটা আমাদের দেন, তথ্যটা আমরা একটু যাচাই করে দেখি। আমাদের সূত্র এটা নয়।’’
সালাহউদ্দিন আহমদ জানান, পুলিশ সদর দপ্তরে প্রতিটি জেলা থেকে মাসিক অপরাধের তথ্য সংগ্রহ করা হয়। পরে এসব তথ্য কেন্দ্রীয়ভাবে সংকলন করে সারাদেশের অপরাধচিত্র তৈরি করা হয় এবং নিয়মিত তা পর্যবেক্ষণ করা হয়।
তিনি বলেন, ‘‘আমি কথা বলব ডাটাভিত্তিক, প্রমাণভিত্তিক, আমাদের পুলিশের রেকর্ডভিত্তিক। সে ডাটাটা আপনারা যাচাই করতে পারবেন।’’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কতটা সন্তুষ্ট—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতির চিত্রে সরকার সন্তুষ্ট। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও উন্নত করতে সময় লাগবে।
সম্প্রতি ছিনতাইয়ের ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর প্রসঙ্গও আসে সাংবাদিকদের প্রশ্নে। জবাবে তিনি বলেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরে গোয়েন্দা পুলিশ আরও কয়েকজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে মালামাল জব্দ করেছে এবং আদালতে সোপর্দ করেছে।
ছিনতাইকারীরা এখনো সক্রিয়—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আগে নোটিশ দিয়ে অপরাধ সংঘটিত হয় না। বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে এরই মধ্যে ছিনতাইয়ের প্রবণতা কমেছে এবং ভবিষ্যতে তা আরও কমবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাধা দিতে বা সরকারকে বিব্রত করতে বাহিনীর ভেতরে থাকা কোনো পুলিশ সদস্য গোপনে কাজ করছেন কি না—এমন প্রশ্নও করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে হবে। বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম চালু রয়েছে এবং সেখান থেকেও এ ধরনের বিষয় শনাক্ত করা হয়।
তিনি বলেন, ‘‘আপনার কাছে তথ্য থাকলে দেন, আমরা যাচাই করবো।’’
আইনশৃঙ্খলা পরিস্থিতি ভবিষ্যতে আরও ভালো হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবশ্যই। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









