উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টা ৮ মিনিটে একজন মন্ত্রীর গাড়ি সার্কিট হাউস সড়কের উল্টো দিক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়।
ওই কর্মকর্তা বলেন, চালককে জানানো হয় এভাবে উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক আইনের লঙ্ঘন।
পরে গাড়িটির বিরুদ্ধে দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাফিক পুলিশ জানায়, রেঞ্জ রোভার গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, মন্ত্রীর গাড়িটি যখন উল্টোপথে চলছিল, তখন পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর বহর সচিবালয়ের দিকে যাচ্ছিল।
পরে খোঁজ নিয়ে জানা যায়, গাড়িটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর ব্যবহৃত গাড়ি। ঘটনার সময় মন্ত্রীও গাড়িতে ছিলেন।
ট্রাফিক কর্মকর্তাদের দাবি, দেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা করার ঘটনা এটিই প্রথম। তাদের ভাষায়, ঘটনাটি নজিরবিহীন।
তবে অতীতেও মন্ত্রীদের গাড়ি দ্রুত গন্তব্যে পৌঁছানো কিংবা যানজট এড়াতে উল্টোপথে চলার ঘটনা গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। কিন্তু এসব ঘটনায় মামলা হওয়ার নজির ছিল না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ কর্মকর্তারা মনে করছেন, মন্ত্রী বা সচিবের গাড়ি ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় মামলা হওয়ার এই ঘটনা দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









