দীর্ঘ চার মাসের বেশি সময় পর সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে শিল্পী রাণী মোদককে পদায়ন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে জামালগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত শিল্পী রাণী মোদককে মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
গত ১৫ মার্চ মধ্যনগর উপজেলার ইউএনও উজ্জ্বল রায়ের বদলির পর পদটি শূন্য হয়ে পড়ে। পরে ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ অতিরিক্ত দায়িত্ব হিসেবে মধ্যনগরের ইউএনওর দায়িত্ব পালন করেন। গত ২৩ জুলাই তিনি চট্টগ্রামে বদলি হলে ধর্মপাশা উপজেলার ইউএনও জনি রায়কে মধ্যনগরের ইউএনওর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
টানা চার মাসের বেশি সময় স্থায়ী ইউএনও না থাকায় উপজেলার চার ইউনিয়নের লক্ষাধিক মানুষ সরকারি সেবা পেতে নানা ভোগান্তির শিকার হন। প্রশাসনের গুরুত্বপূর্ণ এ পদ দীর্ঘদিন শূন্য থাকায় নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে স্থবিরতা দেখা দেয়।
স্থানীয়দের অভিযোগ, নাগরিক সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান, জন্মনিবন্ধন সংশোধন, উন্নয়ন প্রকল্পের অনুমোদন, আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা, সরকারি কর্মসূচির তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন প্রশাসনিক কাজে স্বাভাবিক গতি ব্যাহত হয়। অনেক সেবাপ্রত্যাশীকে একাধিকবার উপজেলা পরিষদে এসেও ফিরে যেতে হয়েছে।
অন্যদিকে, নতুন ইউএনও শিল্পী রাণী মোদক দায়িত্ব গ্রহণের পর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে এবং দীর্ঘদিনের জনভোগান্তি লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









