সিলেটের জৈন্তাপুর উপজেলায় নানা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলায় একটি বর্ণাঢ্য নগর শোভাযাত্রা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার উজানীনগর রাধা মাধব জিউর আখড়া এবং রথযাত্রা ও জন্মাষ্টমী উদযাপন কমিটির যৌথ উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটিতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বর্ণিল এই শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাধা মাধব জিউর আখড়ায় এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে রাধা মাধব জিউর আখড়া প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও আবৃত্তিসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়।
আয়োজকরা জানান, ধর্মীয় মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে সনাতন ধর্মীয় সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর কালিবাড়ী মন্দিরের সভাপতি দীগেন্দ্র কুমার ফটিক, সাধারণ সম্পাদক সুজিত মোহন ধর, রাধা মাধব মন্দিরের সভাপতি সমর মোহন ধর, সাধারণ সম্পাদক বনোয়ারী দাস মিন্টু, ইসকন নামহট্র সংঘের সভাপতি গৌরহরি দাস নিপেশ, সাধারণ সম্পাদক পান্ডব মাধব দাস প্রসান্ত, সারীঘাট শিব মন্দিরের সভাপতি সুরেন্দ্র বৈদ্য, এবং উপদেষ্টা সুশেন দেব, রন্টু পাল, রিন্টু পাল, বিজেন দেব, মোয়াখাই গোপীনাথ আখড়ার সভাপতি সুনীল দেবনাথসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









