মাত্র ৩১ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন স্পেনের সর্বশেষ বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্কোস লরেন্তে। অ্যাতলেটিকো মাদ্রিদের এই ডিফেন্ডার স্পেনের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন। তবে এত দ্রুত জাতীয় দল ছাড়ার নির্দিষ্ট কারণ জানাননি তিনি। এটিকে ‘একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেছেন লরেন্তে।
আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিতেছে স্পেন। তবে ফাইনালে বেঞ্চেই কাটাতে হয়েছে লরেন্তেকে। ২০২০ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই ফুটবলার অবসরের সিদ্ধান্ত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি জানি, আমি এখনও তরুণ এবং হয়তো ভালো খেলতে থাকলে এই জার্সিতে আমার আরও কয়েক বছর খেলার সুযোগ ছিল। অনেকেই হয়তো আমার সিদ্ধান্ত বুঝতে পারবেন না। সত্যি বলতে, বাইরে থেকে দেখলে আমিও হয়তো বুঝতাম না। কিন্তু এটি একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত—অনেক ভেবেচিন্তে নেওয়া এবং সর্বোপরি হৃদয় থেকে আসা সিদ্ধান্ত।’
রিয়াল মাদ্রিদের সাবেক এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে পাওয়া অভিজ্ঞতা ও সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই বছরগুলোতে যাদের সঙ্গে দেখা হয়েছে এবং যারা আমার ও আমার পরিবারের জন্য অসাধারণ ও অবিস্মরণীয় মুহূর্তগুলো সম্ভব করে তুলেছেন, তাদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি আমার সব অভিজ্ঞতাই মনে রাখব, তবে বিশেষ করে এই শেষ ৫২ দিনকে।’
জাতীয় দলের ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারাকে নিজের জন্য বড় সম্মানের বলেও উল্লেখ করেছেন লরেন্তে। তার ভাষায়, ‘একটি অসাধারণ দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে স্পেনকে শীর্ষে তুলতে। আর তারা ঠিক সেটাই করেছে। আমার দেশের প্রতিনিধিত্ব করা এবং এই ইতিহাসের অংশ হতে পারা আমার জন্য সম্মানের।’
লরেন্তের অবসরের সিদ্ধান্তে শুভকামনা জানিয়েছে স্প্যানিশ ফুটবল দলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টও। সেখানে তাকে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিদায় জানিয়ে তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বিশ্বকাপ শুরুর আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন লরেন্তে। ২০২২ বিশ্বকাপেও স্পেনের দলে ছিলেন তিনি। তবে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী দলে জায়গা পাননি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









