ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুর রহমান (৫) নামে প্রথম শ্রেণির এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে দুপুরে উপজেলার সিডস্টোর-আওলাতলী আঞ্চলিক সড়কের ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান গাজীপুরের কাপাসিয়া উপজেলার উত্তরখাম গ্রামের প্রবাসী মোবারক হোসেন মোল্লার ছেলে।
স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, দুপুরে খাবারের জন্য মাদ্রাসা সংলগ্ন সড়ক পার হচ্ছিল শিশু আব্দুর রহমান। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সন্ধ্যায় সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রশিদ বলেন, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা আব্দুর রহমানকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









